প্রতিশ্রুতি নয়, কাজে বিশ্বাস -এই মূলমন্ত্রকে সামনে রেখে যশোরের শার্শায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। পরিবর্তনের রাজনীতির বাস্তব উদাহরণ তুলে ধরতে তিনি নিজেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ঝাড়ু হাতে নেমে পড়েন পরিচ্ছন্নতা অভিযানে।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টায় উপজেলার নাভারণ বাজার থেকে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। আমীরে জামায়াতের নির্দেশনায় শার্শা ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন স্থান, সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এতে স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, জনসেবার রাজনীতি কেবল বক্তব্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের পাশে দাঁড়িয়ে বাস্তব কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হয়। একটি পরিচ্ছন্ন বাজার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
স্থানীয়দের মধ্যেও এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।
ভ্যানচালক আবুসাঈদ বলেন, আমার জীবনে শার্শায় এমন একজন এমপি দেখিনি, যিনি নিজেই আগে ঝাড়ু হাতে নেমেছেন। এতে আমরা সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত।
পথচারী আসাদুজ্জামান বলেন, এই উদ্যোগ দেখে মনে হচ্ছে, শার্শার উন্নয়নে সামনে ইতিবাচক পরিবর্তন আসবে।
ব্যবসায়ী হাসান আহমেদ বলেন, নাভারণ বাজারে এই প্রথম কোনো সংসদ সদস্যকে নিজ হাতে ময়লা পরিষ্কার করতে দেখলাম। এটি আমাদের জন্য গর্বের এবং দৃষ্টান্তমূলক উদ্যোগ।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের থানা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, শার্শা ইউনিয়ন আমীর মাওলানা আবু ইয়াহইয়া এবং নাভারণ উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনপ্রতিনিধির এমন সরাসরি অংশগ্রহণ ও উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে শার্শার সার্বিক উন্নয়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

