ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম আংগারিয়া গ্রামের একটি ইটভাটার বাগান থেকে উদ্ধার হওয়া এক শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। শিশুটির নাম মিহির (১ বছর ৫ মাস)। সে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাটি গ্রামের বাসিন্দা মাহাবুর মোল্লার সন্তান বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
রাজাপুর থানা পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় উদ্ধার হওয়া শিশুটিকে চিকিৎসা শেষে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, একটি অপরাধী চক্র অসৎ উদ্দেশ্যে শিশুটিকে খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাটি গ্রামের ক্লাব মোড় এলাকা থেকে অপহরণ করে রাজাপুরে নিয়ে আসে। তবে এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা শিশুটিকে রাস্তার পাশের একটি বাগানে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, পারিবারিক বিরোধের জেরে এক দূর সম্পর্কের আত্মীয় সুযোগ বুঝে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজাপুরে শিশু উদ্ধারের খবর দেখে শিশুটির পিতা মাহাবুর মোল্লা ও তার ফুপু রাজাপুরে এসে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুলিশের উপস্থিতিতে শিশুটিকে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।
প্রশাসন জানিয়েছে, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

