মাদক কারবারির নাম বলায় যুবকের উপর হামলা
ছবিঃ বিপ্লবীবার্তা

‎কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদক কারবারির নাম বলায় শাহিন বিশ্বাস নামক এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কুমারখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া খোকন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।


ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী শাহিন বিশ্বাস বলেন, 'আমি আসরের নামাজ শেষে খোকন মোড়ে গিয়ে দাঁড়াই। সেখানে থাকা কয়েকটি ছেলের সাথে মাদক কারবারিদের নিয়ে আলোচনা করছিলাম। এক পর্যায়ে আমি হালিমা খাতুন নামে এক মাদক কারবারির নাম বলি, এই নাম বলাতেই ওখানে অবস্থানরত নাহিয়ান বিশ্বাস (১৫) হঠাৎ আমার উপর চড়াও হয় এবং আমাকে ঘুষি মেরে বসে, তার সাথে আমার হাতাহাতির একপর্যায়ে সে ওখান থেকে পালিয়ে যায়। 

আক্রমণকারী নাহিয়ান বিশ্বাস ঐ এলাকার নাজমুল বিশ্বাসের (৫০) ছোট ছেলে।


তিনি আরও বলেন, '‎এ বিষয়ে তার বাড়িতে তার পরিবারকে জানাতে গেলে তার পিতা নাজমুল বিশ্বাস (৫০) কাঠের বাটাম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন এবং সজোরে আমার মাথায় আঘাত করে এ অবস্থায় আমি মাটিতে পড়ে যাই। তখন তার স্ত্রী ও তার বড় ছেলে নাবিন (২৬) কাঠের বাটাম দিয়ে আমাকে এলোপাথাড়ি মারতে শুরু করে। একপর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি। সেখান থেকে আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে কুমারখালী হাসপাতালে ভর্তি করে। এখানে আমি আজ দুই দিন চিকিৎসাধীন রয়েছি।'  

 তিনি অভিযোগ করে বলেন, 'এ বিষয়ে আমি থানাতে অভিযোগ দিয়েছি, তবে থানা থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।'


‎এই ঘটনায় কুমারখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, 'অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।