ঝালকাঠির নবনির্বাচিত দুই সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবীবার্তা

ঝালকাঠি জেলায় নবনির্বাচিত দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।


রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।


সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসাথে সংসদ সদস্যরা মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে সমন্বয়, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।


এছাড়াও সভায় জেলার উন্নয়নকে গতিশীল ও জনমুখী করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন।