সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “এবার মানুষের আশা ছিল গোটা বাংলাদেশে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে। আমরা জানি রাত সাড়ে ৯টা পর্যন্ত একধারায় ফলাফল আসছিল। কিন্তু পরবর্তীতে অনেকের ধারণা, ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পরাজিত করা হয়েছে। তবে আমরা ঝড় দেখেছি, তুফান দেখেছি, ব্যাধি দেখেছি, ইসলাম থেকে মানুষকে সরানো কখনও সম্ভব হবে না।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার আয়োজনে আগরদাড়ী ইউনিয়নের ধলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আজ হোক, কাল হোক, বাংলাদেশের মাটিতে ইসলাম কায়েম হবে, কুরআন কায়েম হবে ইনশাআল্লাহ। আমার নির্বাচিত হওয়া মানে জামায়াতে ইসলামীর জয়, আর আমার জয় মানে সাতক্ষীরার জনগণের জয়।”
তিনি আরও বলেন, “আল্লাহর কাছে দোয়া কামনা করি, কোনো রিয়া, চাওয়া-পাওয়া, যশ বা খ্যাতি যেন আমাকে স্পর্শ করতে না পারে। আমি যেন খালেস মনে আল্লাহর দ্বীনের জন্য ও জনগণের কল্যাণে সাতক্ষীরা গড়ে তুলতে পারি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশাররফ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুন ও সেক্রেটারি নুর নবী।
অনুষ্ঠানে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। আলোচনা সভার আগে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

