পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নে অসহায় ও দরিদ্র ৪০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় সমাজসেবক হাফেজ ওসমান ফারুকী মানিক বালা নিজস্ব উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করেন। শনিবার দুপুরে আরশিনগর এলাকায় তার নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে ইফতারের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, ছোলা, মুড়ি, খেজুর, ডাল ও চিনি।
উদ্যোক্তা হাফেজ ওসমান ফারুকী মানিক বালা বলেন, রমজানের আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে অসচ্ছল পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তিতে রোজা পালন ও ইফতার করতে পারবেন।
বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। সাহায্যপ্রাপ্ত একাধিক ব্যক্তি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে।

