নোয়াখালীর মাইজদী টাউন হল মোড় এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর চেষ্টার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টির প্রধান ফটকে তালা ঝুলছিল। বুধবার ভোররাতে আকস্মিকভাবে একদল যুবক কার্যালয়ের সামনে জড়ো হন। তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং প্রধান ফটকে ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি নতুন ব্যানার টাঙানোর চেষ্টা করেন। এ সময় তারা দলীয় স্লোগান দিতে থাকেন।
ব্যানার টাঙানোর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যানারটি সরিয়ে ফেলে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, "ভোররাতে কিছু লোক অবৈধভাবে কার্যালয়ে প্রবেশ করে ব্যানার টাঙানোর চেষ্টা করেছে। বিষয়টি নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।"
তিনি আরও জানান, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

