কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনি বাজারে সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে রোবট সদৃশ এক চলন্ত বসুর দৃশ্য। ঘটনা ঘটেছে ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে। ভিডিও ফুটেজে দেখা যায়, চার পায়ে লাফিয়ে দৌড়াচ্ছে একটি অজানা বস্তু, যা কয়েক সেকেন্ডের মধ্যে ক্যামেরার দৃষ্টির বাইরে চলে যায়।
বাজারের আলাউদ্দিন ইলেকট্রনিক্স ও হার্ডওয়্যার দোকানের মালিক রোকনুজ্জামান রোকন জানিয়েছেন, এর আগে দোকানে চুরি হওয়ায় সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। ফুটেজটি দেখা পরেই বিষয়টি ছড়িয়ে পড়তে থাকে, এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জল্পনা শুরু হয়।
দোকানের ছোট ভাই নাজমুল হোসেন বলেন, প্রথমে রোবটটিকে সাইকেল মনে হয়েছিল। পরে দেখা যায় এটি লাফিয়ে দৌড়াচ্ছে, সঙ্গে একটি মোটরসাইকেল দ্রুত আসে ও ফিরে যায়। পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া জানান, রাত তিনটার পরে হঠাৎ একটি অজানা শব্দ শুনে তারা টিনের ফাঁক দিয়ে রোবট সদৃশ বসু দেখতে পান।
মিলনি বাজার কমিটির সভাপতি শুকুর আলী বলেন, সীমান্ত থেকে বাজারটি প্রায় দুই কিলোমিটার দূরে হওয়ায় ভারতীয় কোনো রোবট আসার সম্ভাবনা নেই, তবে কে বা কারা এ কাজ করেছে তা বের করা প্রয়োজন।
ঘটনার পর বুধবার সকালে বিজিবি ও কচাকাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কচাকাটা থানার উপ-পুলিশ পরিদর্শক কার্তিক চন্দ্র বলেন, বিষয়টি তদন্তাধীন এবং এ মুহূর্তে নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।
২২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মাহাবুব উল হক প্রাথমিকভাবে বলছেন, এটি একটি বাইসাইকেল হতে পারে এবং এখানে রোবট আসার সম্ভাবনা নেই। তদন্ত ও পর্যবেক্ষণ চলমান রয়েছে।
এ ঘটনায় কুড়িগ্রামের মিলনি বাজারে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

