দেড় বছর পর খুলল দশমিনা আওয়ামী লীগের কার্যালয়: নেতৃত্বে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ
ছবিঃ বিপ্লবীবার্তা

পটুয়াখালীর দশমিনায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় খোলা হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত কার্যালয়টির তালা খুলে ভেতরে প্রবেশ করেন দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।


দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে বিক্ষুব্ধ জনতা কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে তালাবদ্ধ করে দিয়েছিল। সেই থেকে দীর্ঘ দেড় বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় ছিল।


সোমবার সকালে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহাগ প্যাদার নেতৃত্বে একদল নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হন। তারা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন এবং পুনরায় কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক শ্লোগান দেন।


কার্যালয়টি খোলার পরপরই ভবনের সামনে '১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন' সম্বলিত একটি নতুন ব্যানার সাঁটানো হয়। কার্যক্রম শুরুর প্রাক্কালে সেখানে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এ বিষয়ে দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার গণমাধ্যমকে বলেন, "দীর্ঘ ১৮ মাস পর আজ আমরা দলীয় কার্যালয়টি খুলেছি। খোলার পর আমরা সেখানে মিলাদ ও দোয়ার আয়োজন করি। এখন থেকে নিয়মিত দলীয় কার্যক্রম চলবে।"


উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে সারা দেশের ন্যায় দশমিনাতেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রকাশ্য তৎপরতা বন্ধ ছিল। ১৮ মাস পর এই কার্যালয় খোলার ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।