কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায়  পিতার আত্মসমর্পণ
ছবিঃ বিপ্লবীবার্তা

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পিতা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে শনিবার রাতে মেহেদী হাসান মাসুম (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়। অভিযোগ, তার বাবা বারেক খান ঘুমের মধ্যে ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি নিজেই থানায় হাজির হন।


কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান বলেন, 'প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেটি ঘুমিয়ে পড়ার পর তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।'


নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মেহেদী হাসান মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বিষয়টি নিয়ে পরিবারে প্রায়ই বিরোধ চলছিল। তবে ঠিক কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় এলাকায়  বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ বলছে, মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।