ফুলবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচনি জনসভা
ছবিঃ বিপ্লবীবার্তা

দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসমুক্ত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশাল নির্বাচনী জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় কাচারী মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।


জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাঃ নূর বখত মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, "দেশের মানুষ আজ দুর্নীতি ও দুঃশাসনে অতিষ্ঠ। আমরা একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে মাদক, সন্ত্রাস ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেশের পরিবর্তন আনতে হবে।"


 ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোখছেদুর রহমান, শেখ নুর মহাম্মদ এবং আনম আশিকুর রহমান। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের শক্তি বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।


উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক মিছিল সহকারে জনসভায় যোগ দেন। এ সময় পুরো শহীদ মিনার চত্বর নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।