সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঋণের চাপে তপন দাস (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, তপন দাস বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে সংসার চালাতেন। সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। একপর্যায়ে হতাশ হয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
তপন দাস তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে একটি ছোট সংসার করতেন। তার বড় ছেলে দীপ্ত (১০), মেজো ছেলে তন্ময় (৮) এবং ছোট ছেলে দীপাঞ্জর (৬)। স্ত্রী সঞ্চিতা দাস বর্তমানে সন্তানদের নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
শনিবার শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরিবার বা স্বজনরা কাউকে সন্দেহ বা দোষারোপ করেননি।
স্থানীয়রা সাধ্যমতো পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। এ সময় স্থানীয় সমাজসেবক নওফেল তপন দাসের অসহায় পরিবারকে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

