চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বাড়াতে শিল্পখাতের সঙ্গে একাডেমিক সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা, যৌথ গবেষণা ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।সভায় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিল্পখাতের সঙ্গে যৌথ গবেষণা পরিচালনা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ইনোভেশনভিত্তিক উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, "গ্র্যাজুয়েটদের জাতীয় ও বৈশ্বিক কর্মসংস্থান বাজারের উপযোগী করে গড়ে তুলতে শিল্পখাতের সঙ্গে গভীর একাডেমিক সমন্বয় প্রয়োজন।"তিনি আরও বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটে অর্জিত জ্ঞানকে বাস্তবমুখী উদ্যোগ, উদ্ভাবন ও শিল্পখাতের চাহিদার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।"সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, আইকিউসির পরিচালক, সিইউ-অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক, গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক, ইনস্টিটিউশনাল র্যাংকিং সেলের পরিচালক এবং কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া উপস্থিত ছিলেন।