বিপ্লবী বার্তা

বাকি বিল্লাহ

বাকি বিল্লাহ

নরসিংদী


নরসিংদীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি সহ নানা অভিযোগ

নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের ৭৮ নম্বর বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে ছাত্রী যৌন নিপীড়নসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, ছাত্রী যৌন নিপীড়নের সঙ্গে জড়িত আব্দুল রাজ্জাক। পাশাপাশি তিনি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রভাবিত করে পাশের একটি প্রাইভেট স্কুলে ভর্তি করিয়েছেন। এছাড়াও স্কুল চালাকালে ব্যক্তিগত প্রাইভেট পড়ানো এবং নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।গত (২৯ মার্চ) পাড়াতলী ইউনিয়নের বাসিন্দা হেদায়েত উল্লাহ ভূঁইয়া এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রায়পুরা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এবং নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। সহকারী শিক্ষক আব্দুল রাজ্জাক উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে।অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটে চতুর্থ শ্রেণির ইংরেজি ক্লাস নেওয়ার কথা থাকলেও সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন না।শিক্ষার্থীরা জানান, সহকারী শিক্ষক আব্দুল রাজ্জাক নিয়মতি ক্লাস নেন না। ফলে তাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে সহকারী শিক্ষক আব্দুল রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম কামাল জানান, আব্দুর রাজ্জাক কোনো প্রকার মৌখিক বা লিখিত ছুটি নেননি। তাকে এ ব্যাপারে সর্তক করা হবে। তিনি আরও বলেন, রাজ্জাকের বিরুদ্ধে ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগের কথা শুনেনি। তিনি এর আগে অন্য একটি স্কুলে ছিলেন। সেখানেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল।সরকারি স্কুলের পাশে আইডিয়াল ইসলামিয়া স্কুলের প্রধান শিক্ষর আব্দুল রাজ্জাকের স্ত্রী। সরকারি স্কুলের প্রায় ২৫ জন শিক্ষার্থীকে প্রভাবিত করে ওই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন তিনি। এ ছাড়াও তার বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানান প্রধান শিক্ষক।অভিযোগকারী হেদায়েত উল্লাহ ভূঁইয়া জানান, গুরুতর অভিযোগের বিষয়ে যথাযথ সাক্ষী-প্রমাণ রয়েছে। যৌন নিপীড়নের বিষয়ে অনেক ভুক্তভোগী অভিভাবক সন্তানের ভবিষতের কথা চিন্তা করে প্রকাশ্যে আসতে চান না। তিনি অভিযুক্ত শিক্ষকের বদলিসহ শান্তিমূলক ব্যবস্থার দাবি জানান।খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় মঙ্গল মিয়ার কাছ থেকে জমি ভাড়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বালুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেড়’শ গজের মধ্যে আইডিয়াল ইসলামিয়া স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। অভিযোগ রয়েছে, শিক্ষক আব্দুল রাজ্জাক জমির ভাড়া চুক্তিনামা করান চাচাতো ভাই নাঈমের নামে এবং প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেন তার স্ত্রী আফরিন জাহান শান্তাকে। কাগজে কলমে স্কুলটি তার ভাইয়ের নামে থাকলেও বাস্তবে প্রতিষ্ঠানটি পরিচালন করছেন আব্দুল রাজ্জাক ও তার স্ত্রী আফরিন জাহান শান্তা।জানতে চাইলে আইডিয়াল ইসলামিয়া স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, অভিযোগ প্রমাণিত হলে এটি গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে। তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্দিষ্ট দূরত্বের মধ্যে অনুমতি ছাড়া প্রাইভেট স্কুল স্থাপন করা যায় না।রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, সহকারি শিক্ষক আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে তদন্ত করতে উপজেলা শিক্ষা অফিসারকে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

নরসিংদীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি সহ নানা অভিযোগ