বিপ্লবী বার্তা
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নীপা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় জনাব মো. আশাদুজ্জামানের প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস বীজ কেন্দ্রকে ১৫ হাজার টাকা এবং মো. চাঁন মিয়ার প্রতিষ্ঠান মেসার্স সিয়াম ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত অনিয়ম সংশোধন করে আইনানুগভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারের বিভিন্ন হোটেল, ফলের দোকান, ফার্মেসি ও মুদি দোকানেও তদারকি করা হয়। বিভিন্ন অনিয়নের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য কিংবা ঔষধ বিক্রি থেকে বিরত থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

