ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। বুধবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে থাকছে পুরো জেলা।
ঘন কুয়াশার কারণে সকালে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনকে। উত্তরের হিমেল হাওয়া বইছে ৮ থেকে ১০ কিলোমিটার বেগে, যার প্রভাবে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনে সবচেয়ে বেশি ভুগছেন শিশু এবং বয়স্ক মানুষরা। অনেকেই শীতজনিত সর্দি–কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, “আগামী কয়েক দিনে কুয়াশা আরও ঘন হতে পারে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে এ জেলায় শীতের তীব্রতাও বাড়বে।”

