প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
সীমান্তের এপারে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না
মোঃ নুর সাইদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ||
সীমান্তের ওপারে কে কী করছে সে বিষয়ে মন্তব্য না করলেও সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক বিভিন্ন সহিংসতায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙে গেছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিলেও কয়েকজনকে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হবে এবং কারও কারও ক্ষেত্রে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে। তিনি জানান, দায়িত্ব পালনকালে আহত ও সাহসী ভূমিকা রাখা কয়েকজন সদস্যকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও সংযমের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরিতে যোগদানের শুরু থেকেই পুলিশ সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকেন। সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে বাহিনীর সদস্যরা আহত হলেও আন্দোলনরত শ্রমিক ভাই-বোনদের ওপর পাল্টা আঘাত করেননি; যা দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে।দেশের চলমান সহিংসতা ও অস্থিরতা নিয়ন্ত্রণে বাহিনীর প্রতি কোনো বিশেষ বার্তা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময়ই সতর্ক ও প্রস্তুত থাকে। যেকোনো মুহূর্তে অস্থিরতা তৈরি হতে পারে- এমন আশঙ্কা মাথায় রেখেই পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো কাজ করে এবং এই দায়িত্ব সমন্বয়ের জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, কারও নিজস্ব কর্মসূচি থাকতে পারে, তবে সাধারণ শ্রমিক ভাই-বোনেরা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সন্তুষ্ট। তাঁরা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন।স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, শ্রমিক ছদ্মবেশে কিছু ব্যক্তি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে, তবে তারা কোনোভাবেই সফল হবে না। সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াওয়ের উসকানি বা অপতৎপরতা চালাচ্ছে, তারা দেশের দু-একটি স্থানে মিছিল করেছে বলে শোনা গেছে এবং এসব ঘটনা খুবই বিচ্ছিন্ন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা