প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে দামুড়হুদায় খাজনামুক্ত ‘কৃষি হাট’ উদ্বোধন
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
কৃষকদের কষ্টার্জিত ফসল সরাসরি ও ন্যায্যমূল্যে বিক্রির সুবিধার্থে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশেষ ‘কৃষি হাট’। শনিবার (২৮ নভেম্বর) এই হাটের যাত্রা শুরুর মধ্য দিয়ে স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের পরিবহন ভোগান্তি ও বাজারজাতের সমস্যার অবসান ঘটল।হাট কমিটি সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে দুই দিন- শনিবার ও মঙ্গলবার দামুড়হুদা ব্রিজ সংলগ্ন এলাকায় এই কৃষি হাট বসবে। হাটে ধান, পাট, ভুট্টাসহ সকল প্রকার কৃষিপণ্য ও ভুষিমাল কেনাবেচা করা যাবে।এই হাটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ খাজনামুক্ত। কোনো ধরনের খাজনা বা অতিরিক্ত টোল ছাড়াই কৃষকরা সরাসরি ক্রেতা ও পাইকারদের কাছে তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। আয়োজকদের মতে, খাজনামুক্ত এই ব্যবস্থার ফলে বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রান্তিক কৃষকরা তাঁদের ফসলের প্রকৃত ও ন্যায্য দাম পাবেন।দামুড়হুদা ব্রিজ সংলগ্ন স্থানে হাটটি গড়ে ওঠায় যোগাযোগ ও পণ্য পরিবহনের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন কৃষক ও ব্যবসায়ীরা। সড়কপথে সহজ যাতায়াত ব্যবস্থার কারণে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে খুব সহজেই উৎপাদিত ফসল হাটে আনা-নেওয়া করা সম্ভব হবে।স্থানীয় কৃষকরা জানান, এতদিন নিজ এলাকায় উপযুক্ত বাজার না থাকায় দূর-দূরান্তে ফসল নিয়ে যেতে বাড়তি পরিবহন খরচ গুনতে হতো, পাশাপাশি অনেক সময় ন্যায্য দাম থেকেও বঞ্চিত হতে হতো। নিজ এলাকায় এমন উদ্যোগ চালু হওয়ায় তাদের সেই দীর্ঘদিনের ভোগান্তি অবসান হলো।উদ্বোধনের পর নির্ধারিত হাটবারে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে নিজেদের উৎপাদিত ফসল নিয়ে হাটে আসার জন্য এলাকার সকল কৃষকের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে দামুড়হুদা কৃষি হাট কমিটি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা