প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
অধ্যাপক রেজওয়ানাকে অপসারণ ও সাইবার বুলিংয়ে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অন্যায়ভাবে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে সাইবার বুলিংয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. রেদওয়ান সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।বিজ্ঞপ্তিতে জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অঙ্কুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ব্যক্তিগত আক্রমণের ঘটনা নয়। এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসর সংকুচিত করা এবং ভিন্নমতাবলম্বী শিক্ষককে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রক্রিয়ারই অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন শিক্ষকের বিরুদ্ধে যে বিদ্বেষী প্রচারণা চালানো হচ্ছে, তা মুক্তবুদ্ধি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক তদন্ত না করে রাজনৈতিক ট্যাগিং ও অপপ্রচারের মাধ্যমে তাঁকে সামাজিক বিচারের মুখোমুখি করা হচ্ছে। অথচ বিগত শাসনামলের সুবিধাভোগীদের বিরুদ্ধে কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে উল্টো অনেককে প্রশাসনিক পদে বসিয়ে পুরস্কৃত করা হয়েছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক স্নিগ্ধা হাসিনা-শাসনবিরোধী আন্দোলন, মাস্টারপ্ল্যান আন্দোলন, ধর্ষণবিরোধী আন্দোলন এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর সংগ্রামের ইতিহাস মুছে দিয়ে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রচেষ্টা ইতিহাস বিকৃতির শামিল। কোনো তদন্ত ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিত চাপের কাছে নতিস্বীকার করে একজন শিক্ষককে পদ থেকে অপসারণ করা প্রশাসনের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় বলে মনে করে সংগঠনটি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা