প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক
মোঃ আসফিকুর রহমান নাহিদ, চুয়াডাঙ্গা সদর ||
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৩) নামে এক পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত বদর উদ্দিন তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ে—মোট তিন সন্তানের জনক ছিলেন। তাঁর সন্তানরা হলেন—শারমীন (২৫), শুভ (২০) ও ইমন (১৮)।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে এশার নামাজের পর গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে বিলের পাশে পাহারার কুঁড়েঘরে অবস্থান করছিলেন তিনি। সুযোগ বুঝে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত কুঁড়েঘরে হানা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে শুধু তাঁর মাথাতেই এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। নিহতের শরীরের অন্য কোথাও কোনো কোপের চিহ্ন পাওয়া যায়নি; কেবল মাথাতেই এলোপাতাড়িভাবে ১১ থেকে ১২টি কোপ দেওয়া হয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।বুধবার ভোরে স্থানীয়রা মাঠে রক্তাক্ত অবস্থায় বদর উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। এ সময় বিলের পানির ভেতর থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে মরদেহ নিজ গ্রাম গহেরপুরের মাঝেরপাড়ায় নিয়ে যাওয়া হয়।এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গহেরপুর ও আশপাশের এলাকায় চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা