প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
জাবিতে ছাত্রশক্তির গণসংযোগ ও লিফলেট বিতরণ
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
ক্যাম্পাস সংস্কারের লক্ষ্যে ঘোষিত ছয় দফা দাবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে এবং তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় এ কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।সংগঠনটির উত্থাপিত ছয় দফা দাবিগুলো হচ্ছে—জুলাই গণ-অভ্যুত্থানে হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের পুনঃতদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা; অবিলম্বে একাদশ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করা; একাডেমিক নিপীড়নে জড়িত শিক্ষকদের বিচারসহ শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, মানোন্নয়ন পরীক্ষা ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা; ক্যাম্পাসে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা; পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার অফিস ও কেন্দ্রীয় গ্রন্থাগারসহ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন করা।কর্মসূচির বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “ক্যাম্পাস সংস্কারে জাতীয় ছাত্রশক্তি ছয় দফা দাবিতে রাজপথে সরব আছে। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হতে এবং মতবিনিময়ের জন্য আমরা গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছি। আমাদের এই ছয় দফা দাবি শিক্ষার্থীদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।”তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে দীর্ঘ সময় পার হলেও বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংস্কার ঘটেনি, শিক্ষার্থীরা নানাভাবে একাডেমিক নিপীড়ন ও ফলাফল টেম্পারিংয়ের শিকার হচ্ছেন। আমরা দ্রুততম সময়ে শিক্ষার্থীদের সাথে হওয়া এই অন্যায়ের অবসান দেখতে চাই। পাশাপাশি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান না থাকায় যত্রতত্র পরিকল্পনাহীনভাবে ভবন তৈরি হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে আমাদের এই ছয় দফা বাস্তবায়ন করে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা