প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিতর্ক, পাল্টাপাল্টি স্বাক্ষরের অভিযোগ
মো ছাদেক হোসেন , কেশবপুর ||
যশোরের কেশবপুরে চিংড়া ধর্মপুর আলিম মাদ্রাসার নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সভাপতি পদকে ঘিরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কমিটির তালিকায় মাদ্রাসার অধ্যক্ষের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অধ্যক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছেন বলে জানা গেছে।যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মজনু হোসেন অভিযোগ করেন, সভাপতি হওয়ার উদ্দেশ্যে আকরাম হোসেন অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের কাছ থেকে জোরপূর্বক কাগজে স্বাক্ষর নিয়েছেন। মজনু বলেন, ‘আমি ও আমার পরিবার এই মাদ্রাসার জন্য জমি দান করেছি। দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতিত হয়েছি, কোনো কথা বলতে পারিনি। আকরাম হোসেন তখন তাদের সঙ্গে সমন্বয় করে চলতেন। এখন তিনি মব সৃষ্টি করে সভাপতি হওয়ার চেষ্টা করছেন। আমরা কোনো দখলবাজকে প্রতিষ্ঠানে ঠাঁই দিতে চাই না।’তিনি আরও বলেন, নিজেও সভাপতি পদপ্রার্থী হলেও প্রতিষ্ঠানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চান না। সাধারণ অভিভাবকরা যাকে সভাপতি হিসেবে চাইবেন, তিনি তা মেনে নেবেন।মজনু হোসেনের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম হঠাৎ ফোন করে আকরাম হোসেন ও তার সহযোগীদের স্বাক্ষর নেওয়ার বিষয়টি জানান। মজনুও সভাপতি পদপ্রার্থী হওয়ায় অধ্যক্ষ তাকে কাগজ নিয়ে আসতে বলেন এবং স্বাক্ষর করে দেওয়ার আশ্বাস দেন। পরে মজনু মাদ্রাসায় গিয়ে কাগজে স্বাক্ষর নিয়ে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন। ইউএনও সবাইকে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।অভিযোগের বিষয়ে সরেজমিনে মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি বলেন, ‘বিএনপির দুই গ্রুপ এসে মাদ্রাসার কমিটির তালিকায় আমার স্বাক্ষর করে নিয়েছে। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি।’এদিকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা