প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন রিজভী
মোঃ নুর সাইদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ||
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের চার নেতার পেট্রাপোল সীমান্তে বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানতে চেয়েছেন, এই বৈঠক কীভাবে অনুষ্ঠিত হলো এবং এর উদ্দেশ্য কী।সোমবার (২৩ নভেম্বর) দেশব্যাপী আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, দিল্লির কূটনীতিকেরা বিবৃতি দিয়ে বলছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করেন না এবং বাংলাদেশে যা ঘটছে, তা এ দেশের নিজস্ব ব্যাপার। এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘তাহলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা পেট্রাপোল সীমান্তে বৈঠক করলেন কীভাবে? এই বৈঠকের উদ্দেশ্যই বা কী?’রিজভী আরও বলেন, ভারত সরকারের সম্মতি ছাড়া ইমিগ্রেশন কর্মকর্তারা কীভাবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ‘কোন ষড়যন্ত্র হচ্ছে, কোন চক্রান্ত হচ্ছে? এটা জাতি আজ জানতে চায়।’সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, দেশ ছেড়ে যাওয়ার পরও তার হিংসা ও প্রতিশোধপরায়ণতা কমেনি। বিদেশে বসে পাচার করা টাকা পাঠিয়ে দেশে অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন। রিজভীর ভাষ্যমতে, বিএনপির নেতা-কর্মী ও মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং নড়াইল ও ভাঙ্গায় হত্যাকাণ্ড চালানো হয়েছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান।রিজভী আরও অভিযোগ করেন, পলাতক শেখ হাসিনা গোটা বাংলাদেশকে আবারও গোরস্থানে পরিণত করার পরিকল্পনা করছেন। তার দাবি, শেখ হাসিনা গুম ও ক্রসফায়ার পছন্দ করতেন; অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক নীতিতে তাণ্ডব মোকাবিলা করছেন।বিদেশি গণমাধ্যমেও শেখ হাসিনাকে ঘিরে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।বক্তব্যের শেষে রিজভী বলেন, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের হত্যাকারী এবং আগুন দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টকারীদের বাংলার মাটিতে জায়গা হবে না। অপরাধীদের বিচার আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে বলে তিনি উল্লেখ করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা