প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
রাজধানী থেকে যশোর-৬ আসনের সাবেক আওয়ামী এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
মো ছাদেক হোসেন , কেশবপুর ||
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল ইসলামের অবস্থান শনাক্ত করে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালানো হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।রাজনৈতিক জীবনে আজিজুল ইসলাম একসময় নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মো. আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন। কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা