প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
‘ক্যাম্পাসে হাদির কোনো কিছু রাখতে চাই না’ গোবিপ্রবিতে গ্রাফিতি মুছলেন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টরা
মো: তাছিন জায়েফ, গোবিপ্রবি ||
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান, শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিসহ বিভিন্ন স্লোগানসংবলিত গ্রাফিতি মুছে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মুক্তমঞ্চের আশপাশ ও প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানে থাকা এসব স্লোগানসংবলিত গ্রাফিতি মুছতে দেখা যায় তাদের।এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান শুভ, একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী ও সিকদার জয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান সাজিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ। এ ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টের অভিযোগ রয়েছে। গ্রাফিতি মোছার বিষয়ে তারা জানান, ‘হাদি গোপালগঞ্জকে নিয়ে কটূক্তি করেছেন। গোপালগঞ্জের মাটিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাদির কোনো কিছু আমরা রাখতে চাই না। এ কারণেই এসব গ্রাফিতি মুছে দিচ্ছি।’তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, ‘আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়া আমরা সবাই গোপালগঞ্জের সন্তান।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা