প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
কেশবপুরে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা
মো ছাদেক হোসেন , কেশবপুর ||
‘এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে’ স্লোগানে যশোরের কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি নজরুল স্মরণোৎসব ও গুণীজন সম্মাননা। রোববার বিকেলে কেশবপুর প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ গুণীজনকে সংগঠনটির প্রবর্তিত ‘জাতীয় কবি নজরুল পদক-২০২৬’ প্রদান করা হয়।পদকপ্রাপ্তরা হলেন—প্রবন্ধ গবেষণায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মো. রিজাউল ইসলাম, কবিতায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান, নাট্যসাহিত্যে নাট্যকার খায়রুল বাসার, চিকিৎসাসেবায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান এবং আর্থসামাজিক উন্নয়নে উন্নয়ন সংস্থা সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিম।অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের ফুল, পদক, উত্তরীয় ও সনদপত্র দিয়ে সম্মাননা জানানো হয়।বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মো. রিজাউল ইসলাম।সংগঠনের কোষাধ্যক্ষ মানব মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন।এ ছাড়া সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা