প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
রাজাপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুরের পর অগ্নিকান্ড
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠি জেলার রাজাপুরে কার্যক্রম নিষিদ্ধ বড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ উদ্দিন হাওলাদার ওরফে সুরুজ মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে ঘরের কিছু জিনিসপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়।শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারসহ আত্মগোপনে ছিলেন শাহ উদ্দিন হাওলাদার ওরফে সুরুজ মিয়া। ওই বছরের ১৯ সেপ্টেম্বর তিনি গ্রেপ্তার হোন এবং এক মাসের বেশি সময় কারাভোগ করেন। পরে জামিনে কারাগার থেকে বের হয়ে আবারও আত্মগোপনে চলে যান। এ সময় বাড়িতে তার স্ত্রী মোসা. রেমি বেগম একাই বসবাস করতেন। এর আগে গত ১৯ নভেম্বর দুর্বৃত্তরা বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় স্ত্রী রেমি বেগমও বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে বাড়িটি ফাঁকা ছিল। শনিবার রাতে আবারও একদল দুর্বৃত্ত বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। তবে কারা এবং কী কারণে এ হামলা ও অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ঘটনার বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘরের কিছু জিনিসপত্র বাইরে বের করে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে। ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা