প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
কেশবপুরে গাছ কাটার ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ
মো ছাদেক হোসেন , কেশবপুর ||
অভিভাবকের লিখিত অভিযোগের পর শিক্ষা বিভাগের পদক্ষেপ, তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশযশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন (এমএম) ইনস্টিটিউশনের দুটি গাছ অনুমতি ছাড়া কাটার ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্তকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। এক অভিভাবকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়। নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে গাছ কাটার কারণ ও পদ্ধতি উল্লেখ করে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।১৫ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জারি করা নোটিশে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের নিজস্ব জায়গায় থাকা গাছ কাটার বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও ও স্থিরচিত্রও সংরক্ষিত রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের সময় বিদ্যালয় মাঠ ও মসজিদ প্রাঙ্গণে থাকা দুটি গাছ উপড়ে পড়ে মারা যায়। দীর্ঘদিন পর গত রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্তের লোকজন দিয়ে গাছ দুটি কাটানো হয়। পরে কাটা গাছ বিদ্যালয় চত্বরের বাইরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ছবি ও ভিডিও ধারণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের প্রতিবাদের মুখে গাছ দুটি আবার বিদ্যালয়ের সামনে এনে রাখা হয়।স্থানীয়দের ধারণা, গাছ দুটির আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। তাঁদের অভিযোগ, বিক্রির উদ্দেশ্যেই গাছ দুটি বিদ্যালয় চত্বর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্তের কাছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জানানো হয়নি।’ তবে তাঁর দাবি, বিদ্যালয় পরিচালনা কমিটির রেজুলেশন অনুযায়ী গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে কোনো অনিয়ম হয়নি।বিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক মেহেরুন্নেসাও জানান, গাছ কাটার বিষয়ে কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ বলেন, গাছ কাটার বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকে কিছুই জানাননি। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।অন্যদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিদ্যালয়ের অভিভাবক ইকবাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পর বিষয়টি প্রশাসনিক পর্যায়ে গড়ায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
তবে গাছ কাটার ঘটনায় কোনো আর্থিক অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা