প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
কেশবপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল হনুমানের
মো ছাদেক হোসেন , কেশবপুর ||
খাদ্যের বাজেট থাকলেও পর্যাপ্ত খাবার না পাওয়ার অভিযোগ, চার শতাধিক হনুমানের বসবাসযশোরের কেশবপুরে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় পাঁচ বছর বয়সী একটি মায়া হনুমানের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একদল হনুমান সাহাপাড়া এলাকার সড়কে ঘোরাফেরা করছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি হনুমানকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় প্রাণীটি।খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার আগেই হনুমানটির মৃত্যু হয়।স্থানীয়দের অভিযোগ, হনুমানদের খাবারের জন্য বাজেট বরাদ্দ থাকলেও তারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না। ফলে খাবারের সন্ধানে হনুমানের দল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কখনো বসতবাড়ি, কখনো দোকানপাট, আবার কখনো সড়কে নেমে আসছে তারা। এতে মানুষের সঙ্গে হনুমানের সংঘাতের পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।স্থানীয়দের প্রশ্ন, হনুমানদের খাবারের জন্য বাজেট বরাদ্দ থাকলে তারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না কেন? বরাদ্দকৃত খাবার কোথায় এবং কীভাবে সরবরাহ করা হচ্ছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে হনুমানগুলোর খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন স্থানীয়রা।উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস জানান, সম্প্রতি কেশবপুরে হনুমানের সংখ্যা বেড়েছে। তাঁর ধারণা, বর্তমানে কেশবপুরে চার শতাধিক হনুমান রয়েছে। আনুষ্ঠানিকভাবে গণনা করা হলে প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম হনুমানটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত অবস্থাতেই হনুমানটিকে হাসপাতালে আনা হয়েছিল।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা