প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ধামরাইয়ে ককটেল ও পেট্রোল বোমাসহ আটক ৫, ছাত্রলীগের দুই নেতার পরিচয় শনাক্ত
মোঃ নুর সাইদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ||
ঢাকার ধামরাইয়ে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ। তবে বাকি তিনজনের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।রোববার (১৫ নভেম্বর) সকালে
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার
দিবাগত রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তাররা হলেন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে মো. শাকিবুল হাসান (২২) এবং ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের
দক্ষিণপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান (২৩)। পুলিশের
তথ্য অনুযায়ী, শাকিবুল কুশুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং হিমেল ধামরাই পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।গ্রেপ্তার অপর তিনজন হলেন ধামরাইয়ের বাথুলি এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন (২২), গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা (২৮) এবং একই থানার ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা (২০)। দীপংকর
ধামরাই মডেল টাউন এলাকায় এবং লেলিন পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।পুলিশের করা মামলার এজাহার অনুযায়ী, শনিবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল সেখানে অভিযান
চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের
কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল
বোমা উদ্ধার করা হয় বলে এজাহারে
উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় রোববার ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ২২ জনসহ অজ্ঞাতনামা
১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে আসামিদের আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির
উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন বলে পুলিশের ধারণা। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের ছাত্রলীগের পদ-পদবি রয়েছে
বলে জানান তিনি।ওসি আরও দাবি করেন, গ্রেপ্তারদের সঙ্গে ধামরাই পৌরসভার সাবেক কমিশনার আমিনুল ইসলাম গার্নেলের যোগাযোগ ছিল। তাদের মধ্যে রাজনৈতিক আলোচনা ও অর্থ লেনদেনের
তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত
অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান
অব্যাহত রয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা