প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
চবির সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল।সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানান প্রতিনিধিদলের সদস্যরা।সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের বৈশ্বিক সম্ভাবনা বিকাশ এবং যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এ সময় ফুলব্রাইট স্কলারশিপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো, ইউএস কর্নার, ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম এবং কি-নোট স্পিকার এক্সচেঞ্জসহ বিভিন্ন সহযোগিতার বিষয় উঠে আসে।উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী ও সহকারী পরিচালক ড. মো. সাইফুল আলম।যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলে ছিলেন পাবলিক এনগেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড ব্রুনার, ইয়ুথ এনগেজমেন্ট স্পেশালিস্ট জোনাথন গোমেজ, পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সোহরাওয়ার্দী এবং অ্যালামনাই এনগেজমেন্ট কো-অর্ডিনেটর শামস বিন নাফিজ। এ ছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক কার্যালয়ের পরিচালক ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান এবং আমেরিকান কর্নার চট্টগ্রামের কো-অর্ডিনেটর আর রাফি হোসেন উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা