প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
চবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সম্পূরক পরীক্ষার্থীরাও
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। একই সঙ্গে এইচএসসির সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের আগেই ভর্তি পরীক্ষার আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।বুধবার (১১ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সভায় আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন বলেন, “ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১০ ডিসেম্বর আবেদন শুরু হবে এবং ১০ জানুয়ারি আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে পরীক্ষার তারিখ একই থাকবে।”তিনি আরও বলেন, “এইচএসসির সম্পূরক পরীক্ষায় যারা অংশ নেবেন, তারা চাইলে ফল প্রকাশের আগেই আবেদন করতে পারবেন। সেভাবেই আবেদন প্রক্রিয়া সাজানো হচ্ছে।”বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আখতারুজ্জামান ইতোমধ্যেই গণমাধ্যমকে জানিয়েছেন, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশিত হতে পারে। ফলে ফল প্রকাশের আগেই আবেদন করার সুযোগ রাখলে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন।এর আগে বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, সি ইউনিটের পরীক্ষা ২৯ জানুয়ারি, এ ইউনিটের ৩০ জানুয়ারি, বি ইউনিটের ৫ ফেব্রুয়ারি এবং ডি ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।এ ছাড়া বি১ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, বি২ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি এবং ডি১ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে।এদিকে, ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতার শর্ত শিথিল করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা