প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
চুরির অভিযোগে ১২ বছরের মাদ্রাসাশিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, থানায় মামলা
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে আটকে রেখে বিবস্ত্র করে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি পথরেস্তোরাঁর উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে। শিশুটিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করা হলেও পরে তিন হাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।গত ৯ নভেম্বর উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর এলাকায় ‘চায়ের কাপে গল্প’ নামের একটি পথরেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা গেছে, পথরেস্তোরাঁর উদ্যোক্তা আল মামুন সড়কের দুই পাশে আলোকসজ্জার জন্য ছোট ছোট মরিচবাতি টানিয়েছিলেন। সেসব বাতি ছেঁড়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষার্থী খাদেমুল ইসলামকে আটক করা হয়। এরপর সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে মারধর করা হয়। একপর্যায়ে কয়েকজন মিলে তার হাত-পা ধরে উল্টো করে মারধর করেন। এমনকি তাকে বিবস্ত্র করেও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা শহিদুল ইসলাম।তিনি আরও অভিযোগ করেন, ছেলেকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছিল। পরে স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম তিন হাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।বাড়িতে নেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ভুক্তভোগী শিশু খাদেমুল ইসলাম জানায়, তিন বন্ধুর সঙ্গে সে ওই এলাকায় গিয়েছিল। তাদের একজন বাতি ছিঁড়েছিল। অন্যরা পালিয়ে গেলেও তাকে আটক করা হয়। পরে দোকানে নিয়ে কয়েকজন মিলে লোহার রড দিয়ে মারধর করেন। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম বলেন, শিশুটিকে ছাড়িয়ে নিতে আলোচনার মাধ্যমে পাঁচ হাজার টাকা দাবি করা হলে তিনি তিন হাজার টাকা দেন। সে সময় শিশুটির পরনে পোশাক থাকায় শরীরের আঘাতের চিহ্ন বুঝতে পারেননি। পরে বাড়িতে নেওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন দেখতে পান।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পথরেস্তোরাঁর উদ্যোক্তা আল মামুন। তাঁর দাবি, শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির বাবা নিজেই শাসন করতে মারধর শুরু করেছিলেন। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করেন।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, শিশুটিকে মারধরের অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা পাওয়া গেছে। হাসপাতালে গিয়েও শিশুটির খোঁজ নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গত ৯ নভেম্বর শিশুটির বাবা ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা