প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার
মো. রাব্বি হোসেন, চবি ||
দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা এবং বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন।তিনি বলেন, প্রবাসীরা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যথাযথ সমন্বয় প্রয়োজন।বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ব্র্যাক আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বিদেশফেরত অভিবাসীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদার করা ছিল এর মূল লক্ষ্য।বিভাগীয় কমিশনার বলেন, নিরাপদ অভিবাসন ও দক্ষতা নিয়ে বিদেশ যাওয়ার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চললেও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রবাসীদের বিষয়ে নানা তথ্য থাকতে পারে। তবে সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষগুলো। চট্টগ্রামের জন্য প্রবাসীরা আরও বেশি গুরুত্বপূর্ণ। ব্র্যাকসহ কয়েকটি সংস্থা তাঁদের কল্যাণে কাজ করছে। তবে এ উদ্যোগে আরও প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে হবে।কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, অভিবাসনসংক্রান্ত কার্যক্রমে প্রতিটি প্রতিষ্ঠান ও কর্মকর্তাকে এগিয়ে আসতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান। তিনি দেশের অভিবাসন পরিস্থিতি, অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং বিদেশফেরত কর্মীদের পুনরেকত্রীকরণের বিভিন্ন দিক তুলে ধরেন।অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, বিদেশে গিয়ে অনেক শ্রমিক নির্যাতন ও নানা প্রতিকূলতার শিকার হন। বিদেশযাত্রার শুরু থেকে বিভিন্ন বাধা পেরিয়ে তাঁদের অনেকে অসহায় অবস্থায় দেশে ফিরতে বাধ্য হন। এসব অভিবাসীর অর্থনৈতিক ও সামাজিক পুনরেকত্রীকরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও উদ্যোগী হতে হবে।কর্মশালায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজিম, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পলাশ কুমার বড়ুয়া, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী ব্যবস্থাপক মহেন্দ্র চাকমা এবং প্রবাসীকল্যাণ ব্যাংকের আঞ্চলিক প্রধান হারুন অর রশিদ।এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্র্যাকের প্রতিনিধিসহ ইপসা, ঘাসফুল, অপরাজেয় বাংলাদেশ, কারিতাস ও প্রত্যাশীর প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা