প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
বেরোবিতে মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মো: জসিম মিয়া , বেরোবি ||
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়ে এবং দুপুর ২টায় শেষ হয়।এআইএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আপেল মাহমুদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুর আলম সিদ্দিক এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এমদাদুল হোসেন।সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিরাজুম মুনিরা রুমি এবং তিস্তা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল-আমিন।এ সময় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিরাজুম মুনিরা রুমি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মানসিক সুস্থতা বজায় রাখা, মানসিক চাপ মোকাবিলা এবং ইতিবাচক জীবনযাপনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিষয়ে পরামর্শ দেন। তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করা জরুরি।অন্যদিকে, তিস্তা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল-আমিন চাকরিপ্রত্যাশীদের সিভি তৈরি ও ভাইভায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রচলিত বিভিন্ন ভুল ও সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি চাকরির প্রস্তুতি ও সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপনের বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।সেমিনারে এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক শাহীনুর রহমান, আশরাফুজ্জামান, রাসেল উদ্দিন, প্রভাষক মো. সোবাহান আলীসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগের বিভিন্ন ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা