প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান
মাহবুবুর রহমান , নোয়াখালী ||
নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কবিরহাট উপজেলা আইডিয়াল কেজি স্কুল মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী অঞ্চলের আমীর ইসহাক খন্দকার। এছাড়া প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ ও দীর্ঘ আলোচনা পেশ করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক, কারামতিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মদ আমিনুল্লাহ।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হলেন মানবজাতির জন্য একমাত্র পূর্ণাঙ্গ আদর্শ। তাঁর পবিত্র জীবন, সীরাত এবং সুন্নাতকে ব্যক্তিগত ও জাতীয় জীবনে যথাযথভাবে ধারণ করতে হবে। তিনি বলেন, রাসূলের (সা.) প্রদর্শিত পথ অনুসরণ করেই কেবল সমাজে ইনসাফ, শান্তি এবং মদিনার সনদের আদলে একটি বৈষম্যহীন ইসলামী সমাজ কায়েম করা সম্ভব। সাহাবায়ে কেরাম ও ইসলামের প্রাথমিক যুগের মুজাহিদদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি যুবসমাজকে দ্বীনের পথে অবিচল থাকার আহ্বান জানান।সীরাতুন্নবী (সা.) পালনের তাৎপর্য তুলে ধরে আবদুল হালিম বলেন, রাসূলের সুন্নাত ও আদর্শের আলোকে জীবন পরিচালনা করলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। এছাড়া প্রধান আলোচক ড. মুহাম্মদ আমিনুল্লাহ কোরআন ও হাদিসের আলোকে রাসূলের জীবনের বিভিন্ন দিক, চরিত্র, এবং ইসলাম প্রচারের সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিস্তারিত বয়ান পেশ করেন।মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ মুসল্লি। আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।পরে সীরাত প্রতিযোগিতা উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা