প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
দেবীগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ গেল আড়াই বছরের শিশুর
মো: তাসনিম আলম , দেবীগঞ্জ ||
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাশরাফি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের গজপুরী পশ্চিম মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাশরাফি ওই এলাকার আয়নাল হকের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশু মাশরাফির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। জুমার নামাজ শেষে বাবা আয়নাল হক স্থানীয় বসুনিয়ার হাটে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে মাশরাফিও তাঁর পিছু পিছু রাস্তায় চলে যায়। পরে তার মা দেখতে পেয়ে শিশুটিকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে মায়ের কাজের ব্যস্ততার সুযোগে আবারও বাড়ির সামনের রাস্তায় বেরিয়ে পড়ে সে। একপর্যায়ে খেলতে খেলতে অসাবধানতাবশত রাস্তার পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।এদিকে, শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে পুকুরের পানিতে মাশরাফিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন তিনি। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা