প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু, পরিবারে চলছে শোকের ছায়া
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পনের ১২ টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে এক শোকের ছায়া।নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।সহপাঠীদের সূত্রে জানা যায়, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা।পরে বন্ধুরা আহত শাহীনকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শাহীনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় জানায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা