প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে বেদে পল্লীতে সিলিন্ডার বিস্ফোরণে ১১ পরিবারের ঘর পুড়ে ছাই
মো: আবু যর গিফারী, লক্ষ্মীপুর ||
লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে বেদে সম্প্রদায়ের ১১টি পরিবারের চারটি বসতঘর পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভানোর সময় ইসমাত আরা নামে এক নারী আহত হয়েছেন। এ ছাড়া শিকলে বাঁধা একটি বানর আগুনে পুড়ে মারা গেছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের নির্বাচন অফিসের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রওশন আলী নামে এক ব্যক্তির ঘরে তাঁর পুত্রবধূ গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারের মুখে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আশপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাশের আরও কয়েকটি ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়। আগুন নেভানোর সময় মাথার ওপর কাঠ পড়ে ইসমাত আরা নামে এক নারী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন জানান, আগুনে তাঁদের ঘরে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে তাঁর নিজের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্য পরিবারগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকার বেশি হতে পারে বলে দাবি করেন তিনি।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার মো. জসীম উদ্দীন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দুই ব্যক্তির মালিকানাধীন ১১টি কক্ষ পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা