প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
রামগঞ্জে সড়ক নির্মাণে ধীরগতি, প্রশাসনের উদাসীনতার অভিযোগ এমপি সেলিমের
মো: আবু যর গিফারী, লক্ষ্মীপুর ||
লক্ষ্মীপুরের রামগঞ্জে জিয়া চত্বর থেকে সোনাপুর চৌরাস্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজে ধীরগতি ও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম।
ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সড়কটির বেহাল অবস্থার কথা তুলে ধরেন এমপি সেলিম।
তিনি বলেন, গুটিকয়েক ঠিকাদারের গাফিলতি, বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, পর্যাপ্ত আর্থিক সক্ষমতা ও দক্ষতা না থাকা সত্ত্বেও একসঙ্গে একাধিক কাজ নেওয়ার প্রবণতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার খেসারত দিতে হচ্ছে রামগঞ্জের সাধারণ মানুষকে। সড়কের বেহাল অবস্থার কারণে যানজট ও চলাচলে ভোগান্তিতে মানুষের দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
সড়ক বিভাগের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি উল্লেখ করেন, গত ৪ আগস্ট লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় পানিসম্পদমন্ত্রীর উপস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া চত্বর থেকে সোনাপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের কাজ সাত দিনের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে না।
জনদুর্ভোগের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন সংসদ সদস্য। তাঁর অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো পতিত স্বৈরাচারের দোসররা অবস্থান করে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
জনগণের দুর্ভোগ বন্ধ এবং সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করতে সরকার পরিচালনায় আরও কঠোরতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা