প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
রাজাপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রদল নেতা আসামি,দলের প্রতিবাদ,এলাকায় চাঞ্চল্য
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় আসামি হলেন উপজেলা ছাত্রদল নেতা মো:আবির আহম্মেদ তুরাগ মৃধা। উপজেলা ছাত্রদল নেতাকে আসামি করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতারা। তাকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ থানা ও জেলা ছাত্রদলের। তবে তুরাগের দাবি, তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।তিনি রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শ্রমিকদল নেতা মো:মতিউর রহমান টুকু মৃধার ছেলে।শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো:রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। থানার ৩৪ নম্বর এ মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তুরাগকে করা হয়েছে ২৭ নম্বর আসামি। মামলার এজাহারে বলা হয়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চর বাগড়ি এলাকার একটি বসতবাড়িতে ব্যানার-ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে তাঁরা পালিয়ে যান।তুরাগ মৃধা বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আমার নাম কেন বা কার ইশারায় দেওয়া হয়েছে, তা জানা নেই। আমার বাবা বিএনপির সাবেক সভাপতি। আমরাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।’রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম মৃধা বলেন, তুরাগ দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। নামের ভুল কিংবা ভুল বোঝাবুঝির কারণে মামলায় তাঁর নাম আসতে পারে।জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, তুরাগ উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী। তাঁকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে মামলায় আসামি করা দুঃখজনক। বিষয়টি ওসিকে জানানো হয়েছে। তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন। থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, আব্দুল হক নান্টু খান বলেন তুরাগ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত,এমন মামলায় তাঁর নাম আসা কাম্য নয়।এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। বিষয়টি নিশ্চিত হলে প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়া হবে।ঘটনার বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস বলেন, ‘এই মামলায় ছাত্রদলের কারও নাম থাকার কথা নয়। তারপরও যদি থেকে থাকে, তাহলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা