প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীর ‘সুন্দলপুর সাউথ-১’ কূপে নতুন গ্যাসের সন্ধান: সংকটকালে স্বস্তি আশা
মাহবুবুর রহমান , নোয়াখালী ||
চলমান তীব্র জ্বালানি সংকটের মধ্যেই নোয়াখালী থেকে এলো এক বড় আশার খবর। জেলার কোম্পানীগঞ্জের রামপুরে ‘সুন্দলপুর সাউথ-১’ কূপে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য নতুন প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে, যা হতে যাচ্ছে দেশের ৩১তম গ্যাসকূপ। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরে দুটি জোনে প্রায় ৯৭ দশমিক ৬৯ বিসিএফ গ্যাস মজুদের কথা জানিয়েছে বাপেক্স। এটি জেলাটির ৬ষ্ঠ গ্যাসকূপ। এ অর্জনে উৎফুল্ল স্থানীয় বাসিন্দারা। তবে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি এলাকার আবাসিক ও বাণিজ্যিক সংকট নিরসনে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সারাদেশে তীব্র গ্যাস সংকটের এই সময়ে নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে নতুন আগুনের শিখা নিয়ে এসেছে বড় ধরনের স্বস্তি। রামপুর ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) পরিচালিত এই কূপটি হতে যাচ্ছে দেশের ৩১তম গ্যাসকূপ।সরকারি ও বাপেক্সের যৌথ অর্থায়নে গত ৮ জুলাই খননকাজ শুরু করে রিগ ‘বিজয়-১০’। মূল লক্ষ্যমাত্রা ৩ হাজার ৩০০ মিটার হলেও, প্রায় চার মাসের দীর্ঘ পরিশ্রমে ৩ হাজার ২৮৯ মিটার গভীরতায় পৌঁছেই জোড়া জোনে নিশ্চিত হয় কাঙ্ক্ষিত প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি।কোম্পানীগঞ্জ মো. মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-ওয়ান-এ একটা গ্যাসের সন্ধান পাওয়া গেছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা আশা করি আমরা প্রাথমিকভাবে যে ধারণাটা পেয়েছি যে, প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট এখান থেকে গ্যাস উত্তোলন করা যাবে, যেটা জাতীয় গ্রিডের সাথে যুক্ত হবে এবং এটা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।প্রাথমিক সাফল্যের পর আগামী ১৫ দিন কূপটিতে চলবে ‘ড্রিল স্টেম টেস্ট’ বা ডিএসটি পরীক্ষা। মূলত এই পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে গ্যাসে অন্য কোনো খনিজ উপাদান উপস্থিত আছে কি না। দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের বিপরীতে দাঁড়িয়ে সুন্দলপুর সাউথ-১ কূপটি এখন জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নোয়াখালীবাসীর জন্য এক নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে।উল্লেখ্য, নোয়াখালী জেলায় মোট ৬টি গ্যাসকূপ রয়েছে, যার মধ্যে সুন্দলপুর সাউথ-১ এক নতুন মাইলফলক। বাপেক্সের তথ্যমতে, কূপটির মোট মজুদের পরিমাণ ৯৭ দশমিক ৬৯ বিসিএফ বা বিলিয়ন ঘনফুট। হিসাব অনুযায়ী, আগামী ২০ বছর ধরে এখান থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে, যার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।এর আগে গত ৬ অক্টোবর নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ' খনন শেষে মিলেছে গ্যাসের সন্ধান। সেখানো চলছে ডিএসটি টেস্ট এর কাজ। ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুদকৃত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা