প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
মা ও তিন বোনকে হত্যার কারণই জানেন না জুনায়েদ, চার মাসেও মেলেনি বিচার
তাকিনুল ইসলাম , রায়পুর ||
‘বিচার তো অনেক দূরের কথা, চার মাস পার হয়ে গেল, আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, এখনো সেই কারণই জানতে পারলাম না।’ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন জুনায়েদ ইসলাম ওরফে সিফাত (১৮)।গত ২৫ জুন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার নদীপারের একটি ভাড়া বাসায় খুন হন জুনায়েদের মা ও তিন বোন। পরিবারের একমাত্র জীবিত সদস্য এখন তিনি।মা ও তিন বোনকে হারানোর পর পাশের আরেকটি বাসায় থাকছেন জুনায়েদ। জীবিকার তাগিদে এলাকার একটি রড-সিমেন্টের দোকানে চাকরি করছেন। দিনের বেশির ভাগ সময়ই কাটে দোকানে। গত শনিবার দোকানের পাশের একটি কক্ষে কথা হয় তাঁর সঙ্গে।জুনায়েদ জানান, সারা দিন কাজের মধ্যে থাকলেও রাতে বাসায় ফিরলে মা ও বোনদের স্মৃতি তাঁকে তাড়া করে বেড়ায়। তাঁদের হারানোর শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না তিনি।তিনি বলেন, ‘মা ও বোনদের জন্য খুব কষ্ট হয়। প্রতিটি দিন কষ্টে কাটে। এই কষ্ট কাউকে বোঝাতে পারব না। রাতে বাসায় ফিরলে হাত-পা ঠান্ডা হয়ে আসে। বিছানায় ছটফট করি, কিন্তু ঘুম আসে না। মা ও বোনদের স্মৃতি শুধু চোখের সামনে ভাসে।’জুনায়েদ আরও বলেন, ‘প্রতিদিনই মনে হয়, মা ও বোনেরা বুঝি বাসায় আছে। তাঁদের সঙ্গে কাটানো সময়ের কথা মনে পড়ে। পরে মনে হয়, আমার কষ্ট বোঝার মতোও কেউ আর দুনিয়ায় নেই।’পরিবারের চার সদস্যকে হারিয়ে একা হয়ে যাওয়া জুনায়েদের দিন কাটছে শোক আর অনিশ্চয়তায়। স্বজনদের হত্যার কারণ জানতে না পারা এবং বিচারের অপেক্ষা তাঁর কষ্ট আরও বাড়িয়ে তুলেছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা