প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক ||
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শিগগিরই নতুন পে-স্কেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তাঁর এ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে নতুন বেতনকাঠামোর অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ কথা জানান। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল কবে থেকে কার্যকর হবে কিংবা কী প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।এদিকে, সরকারি চাকরিজীবীরা আজ থেকে নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। গত জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর ধরে চলতি মাসের বেতন দেওয়া হচ্ছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়।সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। নতুন পে-স্কেল বাস্তবায়ন, বদলির আদেশ জারি এবং শতভাগ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।এরই ধারাবাহিকতায় পে-স্কেলসহ তিন দফা দাবিতে আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।জোটের তিন দফা দাবির মধ্যে রয়েছে- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এর আগে একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা