প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে নোয়াখালীতে জাতীয় যুব দিবস উদযাপন
মাহবুবুর রহমান , নোয়াখালী ||
'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও নোয়াখালী জেলা প্রশাসনের যৌথ আয়োজনে র্যালী, আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।যুব উন্নয়ন অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত করতে হবে। দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে যুবসমাজকে সময়োপযোগী দক্ষতা অর্জনেরও আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ , যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী ও তরুণ-তরুণীরা অংশ নেন। এসময় ৩ টি যুব সংগঠনের মাঝে ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা