প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
রাজাপুরে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- চর বাঘড়ী এলাকার জাকির মৃধা (৪৫), সাতুরিয়া এলাকার অলিউর রহমান (৪০), রাজাপুর এলাকার মো. হেমায়েত উদ্দিন (৫০) এবং টিএন্ডটি রোড এলাকার কবির হোসেন (৫৫)।এজাহারে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আছে ১০০ থেকে ১৫০ জন আসামি। শনিবার দুপুরে (৩১ অক্টোবর) রাজাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়।পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলার ৬ নম্বর মঠবাড়ী ইউনিয়নের চর বাঘড়ী এলাকায় জাকির মৃধার বাড়িতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় তাঁদের হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লগি-বৈঠা ছিল বলে অভিযোগ করা হয়েছে। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘সামনে আসছে ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।পুলিশের অভিযোগ, আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আদর্শ ও কার্যক্রম সমর্থন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন।এজাহার দায়ের করেন রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা