প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৪.৭ কেজি ভারতীয় গাঁজাসহ ৪০ হাজার টাকার মালামাল জব্দ
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৪ দশমিক ৭ কেজি ভারতীয় গাঁজা এবং জিরা, চিনি, পাউডার ও বিভিন্ন ধরনের মসলাজাতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৭০০ টাকা।মঙ্গলবার (২৭ অক্টোবর) লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তসংলগ্ন তিনটি স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টা ৩০ মিনিটে লালমনিরহাটের লালমনিরহাট থানার আওতাধীন আকবরটারী এলাকায় মোগলহাট বিওপির সদস্যরা অভিযান চালান। একই দিন দুপুর ১টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার লাল ব্রিজের মোড়ে শিংঝাড় বিওপির সদস্যরা এবং রাত ৯টা ১৫ মিনিটে নাগেশ্বরী উপজেলার মাস্টারটারী এলাকায় রামখানা বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।এ সময় বিজিবির টহলদল তল্লাশি চালিয়ে ভারতীয় গাঁজা ও বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে। জব্দ করা মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৭০০ টাকা।এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা