প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
পূর্বধলায় অটোভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল ভারতীয় মদ, আটক ১
মো: নূর আলম , নেত্রকোনা ||
নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোভ্যানের সিটের নিচে ও পেছনের গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৮৮ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মদের পরিমাণ ৬৬ লিটার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোভ্যান ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পূর্বধলা উপজেলার বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান পাচারের খবর পেয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল মাঠে নামে। বুধবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে পূর্বধলা উপজেলার বাড়হা বোর্ড বাজারে মাসুম টেলিকমের সামনের সড়কে অবস্থান নেয় দলটি। এ সময় জারিয়া থেকে শ্যামগঞ্জগামী পাকা সড়কে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।প্রাথমিকভাবে ভ্যানটিতে সন্দেহজনক কিছু পাওয়া না গেলেও পরে ব্যাপক তল্লাশিতে এর ড্রাইভিং সিটের নিচে ও পেছনের অংশে তৈরি করা গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়।অভিযানে ভ্যানটির সিটের নিচ থেকে ৪৬ বোতল আইকনিক হোয়াইট ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৭৫০ মিলিলিটার, মোট ৩৪ দশমিক ৫ লিটার। এ ছাড়া পেছনের গোপন চেম্বার থেকে ২২ বোতল রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ১৬ দশমিক ৫ লিটার এবং ২০ বোতল ব্লেন্ডারস প্রাইড ব্র্যান্ডের ১৫ লিটার মদ জব্দ করা হয়। সব মিলিয়ে ৮৮ বোতলে ৬৬ লিটার মদ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আটক মো. আনোয়ার হোসেন (৩৬) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আবু বক্কর ও মোছা. আনোয়ার খাতুনের ছেলে।অভিযানে মদ পরিবহনে ব্যবহৃত অটোভ্যান ও আটক ব্যক্তির ব্যবহৃত টিসিএল ব্র্যান্ডের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা