প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
নাফিজ আল জাকারিয়া, জাবি ||
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। তবে এবারও বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না, পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই।আজ বুধবার (২৮ অক্টোবর) ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা। তিনি জানান, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটি বাদে অন্যান্য কর্মদিবসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এর আগে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহের জন্য উপকমিটি গঠন করা হলেও এবার তা হচ্ছে না। এর কারণ হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম বলেন, “জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাই। তবে তাদের স্লট বুক ছিল। এবার বিভাগীয় শহরে পরীক্ষা নিলে আমরা এপ্রিলের দিকে স্লট পেতাম। তাই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এবার আমরা বিভাগীয় শহরে পরীক্ষা নিচ্ছি না। তবে পরের বার যেন নেওয়া যায়, সে লক্ষ্যে অনেক কাজ আমরা এগিয়ে রেখেছি।”ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে বলে জানা গেছে। তবে এবার একটি পরিবর্তন আসছে, আইন বিভাগ কলা ও মানবিকী অনুষদের পরিবর্তে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।অন্যদিকে, ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার ফি ও আবেদনের ন্যূনতম যোগ্যতার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলী রেজা জানান, এইচএসসি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত না হওয়ায় এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, পরবর্তী সভায় বিষয়টি নির্ধারণ করা হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা