প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এমএ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
মাওয়াজুর রহমান , ইবি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এমএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া বিভাগের শিক্ষক ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শুধু শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ কিংবা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দেওয়াই শিক্ষার উদ্দেশ্য নয়। শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাগুলো সরেজমিনে পরিদর্শন, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান সময়ে এ ধরনের ব্যবহারিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক।তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিবিড় সম্পর্কের মধ্য দিয়েই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভিত্তি গড়ে উঠেছে। এ বিভাগের শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও মূল্যবোধ ধারণ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষ ও যোগ্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে শিক্ষার্থীদের পরিশ্রমী ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।উপাচার্য আরও বলেন, বিভাগটিকে দেশ-বিদেশের বিভিন্ন একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিতে হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত কার্যক্রম বা সহযোগিতামূলক কর্মসূচি চালুর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করা সম্ভব। একই সঙ্গে বিভাগের অ্যালামনাইদের একাডেমিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা